এক দিন পর আবারও বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ২,১৫৭ টাকা

এক দিন পর আবারও বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ২,১৫৭ টাকা
ছবির ক্যাপশান, এক দিন পর আবারও বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ২,১৫৭ টাকা

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে এই দর কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা হয়েছে। এর আগে শুক্রবার ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায় বিক্রি হয়।

বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারেও দর ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারে এর প্রভাব পড়েছে। অলংকার কিনতে গেলে নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হবে।

আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্পট গোল্ডের দাম শক্তিশালীভাবে ঘুরে দাঁড়ায়। সেদিন প্রতি আউন্স সোনার দাম প্রায় ৪ হাজার ৪৯২ ডলারে ওঠে, যা মধ্যপ্রাচ্যের বাড়তি উত্তেজনা, নিরাপদ বিনিয়োগের চাহিদা এবং সাম্প্রতিক দরপতনের পর নতুন কেনাকাটার প্রবণতার সঙ্গে সম্পর্কিত বলে বাজার বিশ্লেষণে উঠে এসেছে।

দেশের বাজারে গত কয়েক দফা সমন্বয়ে সোনার দামে বড় পতন দেখা গেলেও শনিবারের এই সিদ্ধান্তে আবার ঊর্ধ্বগতি ফিরল। ফলে ঈদের পর স্বর্ণবাজার কোন দিকে যায়, তা এখন অনেকটাই নির্ভর করবে বিশ্ববাজারের পরবর্তী দিকনির্দেশনা এবং স্থানীয় কাঁচা সোনার দামের ওপর।


সম্পর্কিত নিউজ