মার্কিন ভিসা ইস্যুতে জরুরি বার্তা দিয়েছে দূতাবাস

মার্কিন ভিসা ইস্যুতে জরুরি বার্তা দিয়েছে দূতাবাস
ছবির ক্যাপশান, মার্কিন ভিসা ইস্যুতে জরুরি বার্তা দিয়েছে দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা মেলে না বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের চূড়ান্ত অনুমতি এবং কতদিন সেখানে থাকা যাবে, সে সিদ্ধান্ত নেন প্রবেশস্থলের ইমিগ্রেশন কর্মকর্তা।

সতর্কবার্তায় বলা হয়, ভিসা একজন বিদেশি নাগরিককে যুক্তরাষ্ট্রের পোর্ট অব এন্ট্রিতে গিয়ে প্রবেশের অনুমতি চাওয়ার সুযোগ দেয়, কিন্তু ভিসা নিজে প্রবেশের গ্যারান্টি নয়। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, সিবিপি, কর্মকর্তারাই কারও প্রবেশ অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারেন এবং অবস্থানের মেয়াদও তারাই নির্ধারণ করেন।

দূতাবাস আরও সতর্ক করেছে, অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কাজে জড়ানো গুরুতর লঙ্ঘন। যেমন, টুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা নিয়মবহির্ভূত। এ ধরনের লঙ্ঘনের কারণে ভবিষ্যতে ভিসা জটিলতা, ভিসা বাতিল, এমনকি যুক্তরাষ্ট্র ভ্রমণে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, ভিসায় উল্লেখ থাকা মেয়াদ আর যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমোদিত সময় এক বিষয় নয়। প্রবেশের সময় পাসপোর্টের অ্যাডমিশন স্ট্যাম্প বা ফর্ম আই-৯৪-এ যে তারিখ বা ডি/এস উল্লেখ করা হয়, সেটিই বৈধ অবস্থানের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। সেই অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা অকার্যকর হয়ে যেতে পারে, যদি না সময়মতো এক্সটেনশন বা স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করা থাকে।

বার্তায় আরও স্পষ্ট করা হয়েছে, ভিসার সঠিক ব্যবহার সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান এবং নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করা পরবর্তী ভিসা আবেদন ও ভবিষ্যৎ ভ্রমণসুযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।


সম্পর্কিত নিউজ