প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত সরকারের

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত সরকারের
ছবির ক্যাপশান, প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত সরকারের

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করা হবে।

মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কেটে নেওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। সেই অভিযোগ ও জনভোগান্তি বিবেচনায় সরকার গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই চার্জ পদ্ধতি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। এ নিয়ে অনেক গ্রাহক অভিযোগ করে আসছিলেন যে, মিটারের মূল দাম অনেক আগেই উঠে গেলেও বছরের পর বছর অতিরিক্ত অর্থ কাটা হচ্ছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা হলো, অতীতে মিটার কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের যে বোঝা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই চাপ কমানো এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসিক বিদ্যুৎ ব্যয়ে কিছুটা স্বস্তি আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনে কবে থেকে চার্জ কাটা বন্ধ হবে, সে বিষয়ে নির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ করা হয়নি।


সম্পর্কিত নিউজ