{{ news.section.title }}
বিজিবির হাতে ধরা পড়ল সাড়ে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা নাগরাজ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে বিজিবি। লালমনিরহাট ব্যাটালিয়ন, ১৫ বিজিবি, সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ভারত থেকে অবৈধভাবে আনা কাপড় মজুত করে পাচারের প্রস্তুতি চলছিল। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় উদ্ধার করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৬৭টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩ থান প্যান্টের কাপড়। উদ্ধার হওয়া এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ সম্মেলনে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। জব্দ করা পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ অব্যাহত আছে।