জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাব বিবেচনায় নিয়ে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে আজ মঙ্গলবার (৩১ মার্চ) চূড়ান্ত দাম ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, দেশে বর্তমানে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে, ফলে তাৎক্ষণিক কোনো সংকটের আশঙ্কা নেই।

তিনি বলেন, ৩০ মার্চ পর্যন্ত সরকারের হাতে প্রায় ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল মজুত রয়েছে। পাশাপাশি এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ টন ডিজেল দেশে পৌঁছানোর কথা রয়েছে। এই হিসাব অনুযায়ী, আগামী মাসেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

মুখপাত্র আরও জানান, দেশে ব্যবহৃত মোট জ্বালানির বড় অংশই ডিজেলনির্ভর। প্রায় ৬৩ শতাংশ জ্বালানি চাহিদা পূরণে ডিজেল ব্যবহৃত হয়, যা মূলত কৃষি খাতে সেচ কার্যক্রম এবং গণপরিবহণে ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে অকটেন ও পেট্রলের ব্যবহার তুলনামূলকভাবে কম।

বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে বলেও জানান তিনি। এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিন বৃদ্ধি, অফিস সময় সীমিত করা এবং শিক্ষা কার্যক্রমে অনলাইন পদ্ধতির ব্যবহার বাড়ানোর মতো উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।

এদিকে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দেশে এই মুহূর্তে জ্বালানি নিয়ে কোনো ধরনের সংকট নেই। তিনি জানান, মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির বিষয়েও সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং নতুন উৎস খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে কিছু বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন। এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে দুজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে। এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে অবস্থানরত ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।


সম্পর্কিত নিউজ