{{ news.section.title }}
নতুন দরে সোনা বিক্রি, কত বাড়ল দাম?
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন সমন্বয় অনুযায়ী, ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল বুধবার (১ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দর গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) সারা দেশে একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ ঘোষণার পর এখন প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
এর আগে, গত ৩১ মার্চও সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সেদিনও ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা। ওই দরও কার্যকর হয়েছিল সকাল ১০টা থেকে।
কয়েক দিনের ব্যবধানে টানা আবারও ঊর্ধ্বমুখী হয়েছে দেশের সোনার বাজার। এতে গয়না ক্রেতা, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, স্থানীয়ভাবে পিওর গোল্ডের দাম বাড়লে তার প্রভাব সরাসরি দেশের খুচরা বাজারেও পড়ে। ফলে আন্তর্জাতিক ও স্থানীয় উভয় বাজারের পরিস্থিতিই এখন সোনার দামে বড় ভূমিকা রাখছে।