{{ news.section.title }}
জ্বালানি সংকটে উৎপাদন বন্ধ শাহজালাল সার কারখানা
জ্বালানি সংকটের আশঙ্কায় দেশের সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহে রেশনিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রভাব হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (এসএফসিএল) এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) কারখানাটিতে সার উত্তোলন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল ইসলাম।
এর আগে গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় এপ্রিল থেকে জুন-এই তিন মাস দেশের সার কারখানাগুলোতে গ্যাস রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন চালু রাখার একটি কৌশল নির্ধারণ করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইসরায়েল সংঘাত, জ্বালানি সরবরাহে চাপ ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। এই প্রেক্ষাপটে দেশের সার উৎপাদন স্বাভাবিক রাখতে গ্যাস সরবরাহ পরিকল্পনায় পুনর্বিন্যাস আনা হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, মে ও জুন মাসে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে আবারও গ্যাস সরবরাহ চালু করা সম্ভব হতে পারে।
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল ইসলাম বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রাকৃতিক গ্যাস সংকটের কারণে এপ্রিল মাসজুড়ে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে মে মাস থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হলে কারখানাটি আবার উৎপাদনে ফিরবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, পর্যাপ্ত সার মজুত থাকায় সিলেট অঞ্চলে তাৎক্ষণিক কোনো সংকট বা ভোগান্তির আশঙ্কা নেই। কারখানার উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিক-কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এই সময়টাতে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজও সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের স্বার্থেই বড় উৎপাদনক্ষম কারখানাগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই শ্রমিক-কর্মচারীদের সমন্বয়ে দ্রুত আবার উৎপাদন শুরু করা হবে।