{{ news.section.title }}
কেন শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে দেশটির সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে দ্য ডেইলি টেলিগ্রাফ সিডনি।
প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে ইহুদি ধর্মাবলম্বীদের সম্পর্কে তার দেওয়া কিছু বক্তব্য নতুন করে সামনে আসার পর তা ‘জঘন্য’ ও ‘ইহুদিবিদ্বেষী’ হিসেবে বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়।
খবরে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট বক্তব্যে ইহুদিদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছিল, যা অস্ট্রেলিয়ার নীতির পরিপন্থী বলে মনে করেছে কর্তৃপক্ষ।
ভিসা বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয় এমন সময়, যখন শায়খ আহমাদুল্লাহ সিডনি বিমানবন্দর দিয়ে দেশটি ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা কোনো ধর্ম বা গোষ্ঠীকে লক্ষ্য করে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ায়, তাদের প্রতি সরকারের কোনো সহনশীলতা নেই।
এই সিদ্ধান্তের ফলে শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ায় পুনঃপ্রবেশ আপাতত বন্ধ হয়ে গেছে। পাশাপাশি তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টিও কর্তৃপক্ষ বিবেচনা করছে বলে জানা গেছে।
আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে তার সফরের বাকি অংশ বাতিল করা হয়েছে।
ফলে ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে নির্ধারিত তার সভাগুলো আর অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে তিনি মেলবোর্ন ও সিডনির কিছু কর্মসূচিতে অংশ নিলেও সফরের অবশিষ্ট অংশ স্থগিত করা হয়েছে।