{{ news.section.title }}
জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে ৪ জাহাজ
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েলবাহী চারটি বড় জাহাজ।
সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জ্বালানি পণ্য দেশে আনা হয়েছে এবং বর্তমানে সেগুলো খালাসের প্রক্রিয়ায় রয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, নাইজেরিয়া থেকে এলএনজি বহনকারী ‘কুল ভয়েজার’ জাহাজটি গত ৫ এপ্রিল বন্দরে পৌঁছে বর্তমানে এফএসআরইউ-তে অবস্থান করছে। আগামী ৮ এপ্রিলের মধ্যে জাহাজটি থেকে এলএনজি খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে এবং বর্তমানে ডিওজে জেটিতে অবস্থান করছে।
ভারত থেকে এলপিজি বহনকারী ‘গ্যাস চ্যালেঞ্জার’ জাহাজটি গত ৩১ মার্চ বন্দরে পৌঁছে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ জাহাজটি ৫ এপ্রিল বন্দরে এসে ‘সেরলি’ এলাকায় অবস্থান করছে। এই জাহাজটির কার্যক্রমও ৮ এপ্রিলের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে এসব জ্বালানি পণ্য দ্রুত খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব জাহাজ থেকে পণ্য খালাস সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।