একনেক বৈঠকে কোন প্রকল্পগুলো পেল অনুমোদন?

একনেক বৈঠকে কোন প্রকল্পগুলো পেল অনুমোদন?
ছবির ক্যাপশান, একনেক বৈঠকে কোন প্রকল্পগুলো পেল অনুমোদন?

নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আলোচ্যসূচিতে থাকা ১৯টি প্রকল্পের মধ্যে ৮টি নিয়ে আলোচনা শেষে ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে সবগুলো নিয়ে আলোচনা সম্ভব হয়নি। আলোচনায় আসা ৮টি প্রকল্পের মধ্যে ৬টি অনুমোদন পেয়েছে, আর বাকি ২টি প্রকল্প পরবর্তী পর্যালোচনার জন্য রেখে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আলোচ্যসূচিতে থাকা বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে।

এদিকে, দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়ে আসলেও এবার সেই প্রচলিত ভেন্যু পরিবর্তন করে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি আয়োজন করা হয়। যদিও এ পরিবর্তনের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা—প্রধানমন্ত্রীর ব্যস্ততা ও সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, একনেক বৈঠককে কেন্দ্র করে পরিকল্পনা কমিশন এলাকায় আগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। রাস্তা সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নতুন গাছ লাগানোর মাধ্যমে এলাকা সাজানো হলেও শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করা হয়।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সম্পর্কিত নিউজ