{{ news.section.title }}
চট্টগ্রামে আসছে জ্বালানি তেলের নতুন চালান, ভিড়বে দুই জাহাজ
দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি বড় চালান। প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামে একটি জাহাজ মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে।
আইসল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি আগামী বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে জানা গেছে।
একই দিনে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামে আরও একটি জাহাজ দেশে আসবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
বিপিসি সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংস্থাটি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় জ্বালানি আমদানি অব্যাহত রাখা হয়েছে।
এদিকে চট্টগ্রাম বন্দরে এরই মধ্যে আরও কিছু জ্বালানিবাহী জাহাজ পৌঁছেছে। নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস জার্নি’ নামের দুটি জাহাজ বন্দরে ভিড়েছে।
বন্দর সূত্র জানিয়েছে, খুব শিগগিরই এসব জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক আমদানি কার্যক্রমের ফলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা কমেছে।