{{ news.section.title }}
প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান প্রথমবারের মতো ভারতের সরকারি সফরে যাচ্ছেন। সরকারি সূত্রের খবর, সফরটি আগামী ১০ মে-এর মধ্যে অনুষ্ঠিত হতে পারে। দিল্লি এই সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। সফরের সময় তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
ঢাকায় ভারতীয় কূটনৈতিক সূত্র জানায়, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আস্থা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে ভারতের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকেও বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। ভারত সরকার প্রধানমন্ত্রীর এই সফর স্মরণীয় করে রাখতে তাদের বিশেষ আতিথ্য প্রদানের প্রস্তুতি নিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শেখ হাসিনার আমন্ত্রণের মতোই হতে যাচ্ছে।
প্রাথমিকভাবে নতুন প্রধানমন্ত্রী নেপাল সফর এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরে এটি পরিবর্তিত হয়ে প্রথম সফর হিসেবে ভারতকে নির্বাচিত করা হয়েছে। যদিও এপ্রিল মাসেই সফরের প্রস্তুতি নেওয়া হয়েছিল, ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনের কারণে এটি কিছুটা পিছিয়ে গেছে। এখন ১০ মে-এর মধ্যে যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে সফরের তারিখ ঘোষণা করা হতে পারে।
সোমবার (৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে ভারতের সঙ্গে চুক্তি ও সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। যদিও আলোচিত বিষয়গুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির বিষয়টি শোনা গেছে।
সূত্র জানায়, প্রায় ২০০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার কোটি টাকা) সহায়তা প্যাকেজ চূড়ান্ত পর্যায়ে আছে। গঙ্গার পানিবণ্টন চুক্তির ক্ষেত্রেও ভারত ইতিবাচক সাড়া দিয়েছে। এছাড়া বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের সেচ মৌসুমে ডিজেলের চাহিদা বাড়বে। সফরের সুযোগ কাজে লাগিয়ে ভারত থেকে আরও বেশি ডিজেল আনার বিষয়ে বাংলাদেশ আগ্রহী, যা ভারতের সঙ্গে শেয়ার করা হয়েছে।
সাক্ষাতের পরপরই, মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের প্রথম আনুষ্ঠানিক সফরে যান। ভারত সরকারের বিভিন্ন স্তরে বৈঠকের পর তারেক রহমানের ভারত সফর চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা দু-এক দিনের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক ধারণা অনুযায়ী, তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও সফরে থাকবেন। ভারত সরকার তাদের বিশেষভাবে আতিথ্য প্রদানের প্রস্তুতি নিচ্ছে।
এছাড়া, প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে যাদের নাম তালিকাভুক্ত হয়েছে—অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। কিছু ব্যবসায়ী প্রতিনিধিও এই সফরে যেতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে সরকারিভাবে ঘোষণা আসবে।