{{ news.section.title }}
ভোজ্যতেলের দাম বাড়ছে না - বাণিজ্যমন্ত্রী
দেশে আপাতত ভোজ্যতেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে চলমান যুদ্ধ ও অস্থিরতার কারণে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এমন অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। সে লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, ভোজ্যতেল একটি অত্যন্ত সংবেদনশীল পণ্য। এর দাম বাড়লে সাধারণ ক্রেতারা সরাসরি প্রভাবিত হন। তাই নিয়মিতভাবে বাজার পরিস্থিতি, সরবরাহ ও আমদানির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। সর্বশেষ বৈঠকেও দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বিভিন্ন ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেখানে বাজার স্থিতিশীল রাখতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে প্রস্তাবটি যাচাই-বাছাই করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয় দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এদিকে বৈঠকে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। যদিও কী ধরনের সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।