দাম বাড়ল ফার্নেস অয়েলের

দাম বাড়ল ফার্নেস অয়েলের
ছবির ক্যাপশান, দাম বাড়ল ফার্নেস অয়েলের

বিদ্যুৎ উৎপাদন ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সা।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন এই মূল্য একইদিন রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে দীর্ঘদিন ধরে ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করে আসছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। তবে গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গণশুনানির মাধ্যমে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় এবারও ভোক্তাপর্যায়ে মূল্য সমন্বয় করা হলো।

দাম বৃদ্ধির কারণ হিসেবে কমিশন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ওঠানামা হয়েছে। বিশেষ করে ১ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড় মূল্য এবং ফেব্রুয়ারিতে আমদানিকৃত অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) এফওবি দামের ভিত্তিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি আইন, ২০০৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, এসব আন্তর্জাতিক সূচক ও আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সরবরাহকৃত ফার্নেস অয়েলের এই নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


সম্পর্কিত নিউজ