ইসলামী ব্যাংককে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংককে আরও  ২ হাজার ৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক
ছবির ক্যাপশান, ইসলামী ব্যাংককে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গত দুই দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকটি মোট ৫ হাজার কোটি টাকার সহায়তা পেল।

সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববারও বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে ২ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দেয়।

 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে সহায়তা দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে মোট ৫ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে।

 

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পর থেকে আমানতকারীদের বিপুল অর্থ উত্তোলনের কারণে ইসলামী ব্যাংকে নগদ অর্থের ওপর চাপ তৈরি হয়। বিশেষ করে ১ জুন থেকে শুরু হওয়া আমানত উত্তোলনের প্রবণতা ব্যাংকটির তারল্য পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত মাত্র নয় দিনে গ্রাহকরা ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন। এতে ব্যাংকটির নগদ অর্থ ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়।

 

ব্যাংকটির অভ্যন্তরীণ হিসাবেও একই ধরনের তথ্য উঠে এসেছে। ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত প্রায় ৪ হাজার ২০৪ কোটি টাকা আমানত কমে যায়। পরবর্তী দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়।

 

ফলে দেশের বিভিন্ন শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাহিদা বেড়ে যায় এবং কিছু ক্ষেত্রে গ্রাহকসেবায় চাপ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হয়।

 

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছিলেন, ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক নগদ সহায়তা দেবে। তিনি আরও ইঙ্গিত দিয়েছিলেন যে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে অতিরিক্ত সহায়তার বিষয়ও বিবেচনা করা হতে পারে।

 

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গভর্নরের পাশাপাশি ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক অংশ নেন।

 

এদিকে ব্যাংকটির পরিচালনা কাঠামোতেও বড় পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে।

 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ এবং ৪৭(৩) ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা এবং জনস্বার্থ রক্ষার লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

 

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আপাতত ব্যাংকের বোর্ডের দায়িত্ব পালন করবেন।
 


সম্পর্কিত নিউজ