{{ news.section.title }}
আপনার উপজেলায় জাল সনদে যেসকল প্রতিষ্ঠানে চাকুরি! দেখুন তালিকা
দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।আজ রবিবার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিআইএ প্রকাশিত এই তালিকায় ২০২৫ সালের পহেলা জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে। ৯৭৩ শিক্ষা প্রতিষ্ঠানের এসব অনিয়মের কারণে প্রায় ৯০ কোটি (৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭) টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারেরও তাগিদ দেওয়া হয়েছে।
প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তরে (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর/মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর/কারিগরি শিক্ষা অধিদপ্তরে), সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ডি-নথিতে (প্রযোজ্যক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে ই-মেইলে), সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে ডি-নথিতে, সভাপতি (ব্যবস্থপনা কমিটি/গভর্নিং বডি) এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ই-মেইলে (ব্যানবেইস জরিপে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ ই-মেইলে) পাঠানো হয়েছে। এতে আরও বলা হয়, যদি প্রকাশিত তালিকার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন সংশ্লিষ্ট ই-মেইলে পাওয়া না যায়, তাহলে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে (জেলা শিক্ষা অফিসের ডি-নথি সিস্টেম থেকে ডাউনলোড করে) সংগ্রহ করা যেতে পারে। এছাড়া যদি জেলা শিক্ষা অফিস হতে প্রতিবেদন সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবরে প্রতিবেদন পাওয়ার জন্য আবেদন করে ওই আবেদনের কপি director@dia.gov.bd ই-মেইলে পাঠাতে হবে।