{{ news.section.title }}
নরসিংদী সহ সারাদেশে ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জকসুর বিক্ষোভ
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা ও সারাদেশে সংগঠিত হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
শুক্রবার (২৭ ফেব্রয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।এসময় শিক্ষার্থীরা "ধর্ষকের গদিতে আগুন জ্বালো একসাথে,ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না, আমার বোন কবরে খুনি কেন বাহিরে,আমার বোন কবরে, প্রশাসন কী করে; আমার বোন কবরে সরকার কী করে-সহ বিভিন্ন স্লোগান দেন।
এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, পুলিশ প্রশাসন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাঁধা দিচ্ছে; মোরাল পুলিশিং করছে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও ধর্ষণের ঘটনায় পুলিশকে পাওয়া যাচ্ছে না।সরকার,প্রশাসন এসব মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। এদেশে সবাই যাতে বাঁচতে পারে, সেই নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানাচ্ছি।
জকসু সদস্য ও ইনকিলাব মঞ্চনেত্রী শান্তা আক্তার বলেন , নরসিংদীর এই ধর্ষন-হত্যা দীর্ঘদিনের বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। প্রত্যেক নাগরিকের দলের পরিচয় ব্যতিরেকে ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। প্রত্যেককে ঘটনার ন্যায়বিচার কমনা করছি।
জকসুর সাধারণ সম্পাদক (জিএস)আব্দুল আলিম আরিফ বলেন, ধর্ষকের রাজনৈতিক পরিচয় নাই। ধর্ষককে সনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসন ন্যায্য দাবি ও মজলুমের বিরুদ্ধে কাজ করেছে। তারা পোশাক পরিবর্তন করলেও চরিত্র পরিবর্তন করে নাই। আগে দেখলাম সামান্য বিষয় নিয়েও প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে হতো। এখনো কেন সবকিছুর জন্য প্রধানমন্ত্রীর কাছে চাইতে হবে।এখন স্বাধীন বিচার বিভাগ কোথায়? আপনারা মসজিদ, মন্দির সহ সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন।
এ সময় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন,
আমরা এমন একটা দেশে বসবাস করি। যেখানে বারবার সরকার পরিবর্তন হয়। দেশের কাঠামো পরিবর্তন হয়না। আমরা জুলাই অভ্যুত্থান করেছিলাম,এমন একটা দেশে পেতে যেখানে সবাই সমান বিচার পাবে। বিভিন্ন জায়গায় ধর্ষণ-খুন চলছে। আগস্ট পরবর্তী সময়ে পাথর দিয়ে মানুষ হত্যা, লোহার রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারা হয়েছে, যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যা করা হয়েছে। কোনো বিচার হচ্ছে না। এমন চলতে থাকলে,আমরা আবারও আইয়মে জাহেলিয়াতে চলে যাব। প্রধানমন্ত্রীকে বলছি, আপনার নাম ভাঙ্গিয়ে যেসব গুন্ডারা আকাম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় আবারো এদেশের জনগণ রাস্তায় নেমে আসবে। আপনারা বহিস্কার বহিস্কার খেলছেন।বহিস্কার কোনো প্যানাল কোডের শাস্তি হতে পারে না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জকসু ভিপি আরও বলেন, আমাকেও মেরে দুদিন পর বুড়িগঙ্গায় লাশ পাওয়া যেতে পারে। তার হত্যার বিচার হবে কিনা কেউ জানে না। হাদী ভাইয়ের মতো বলতে চাই, আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলবেন।
উল্লেখ্য,গতকাল নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে।সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি সরিষা খেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।