‘কোচিং সেন্টার’ মন্তব্যে ঢাবিতে ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি সাদা দলের

‘কোচিং সেন্টার’ মন্তব্যে ঢাবিতে ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি সাদা দলের
ছবির ক্যাপশান, ‘কোচিং সেন্টার’ মন্তব্যে ঢাবিতে ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করা না হলে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৯ মে) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

 

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং জাতির ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এমন একটি প্রতিষ্ঠানকে ‘কোচিং সেন্টার’ হিসেবে আখ্যায়িত করা চরম দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর ও দুঃখজনক। একজন প্রতিমন্ত্রীর মুখে এ ধরনের মন্তব্য বিশ্ববিদ্যালয় পরিবার, সাবেক শিক্ষার্থী এবং দেশের সচেতন নাগরিকদের গভীরভাবে মর্মাহত করেছে।

 

সাদা দলের নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বাংলাদেশের রাষ্ট্রীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক গভীর। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা ছিল ঐতিহাসিক। পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং বিভিন্ন জাতীয় সংকটেও এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট ও বিভাগের অধীনে বহু গবেষণা কেন্দ্র ও ব্যুরো কাজ করছে। শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশ করছেন। এমন একটি প্রতিষ্ঠানকে তথ্যভিত্তিক মূল্যায়ন ছাড়া খাটো করে দেখা অগ্রহণযোগ্য।

 

শিক্ষক নেতাদের অভিযোগ, অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনা করা হয়েছে। তাঁদের মতে, কোনো প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হতে পারে, তবে দেশের ঐতিহাসিক ও প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়কে অবমাননাকর ভাষায় উপস্থাপন করা গ্রহণযোগ্য নয়।

 

বিবৃতিতে পহেলা বৈশাখ উদযাপন, অসাম্প্রদায়িক চেতনা, বাংলা সংস্কৃতির বিকাশ এবং মুক্তবুদ্ধি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের কথাও তুলে ধরা হয়। সাদা দল বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যকে অস্বীকার বা খাটো করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

 

সংগঠনটি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় শিক্ষক-শিক্ষার্থীরা কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে সতর্ক করা হয়েছে।

 

সব মিলিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্য ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাদা দলের প্রতিবাদ ও আন্দোলনের হুঁশিয়ারি বিষয়টিকে আরও আলোচনায় এনেছে।


সম্পর্কিত নিউজ