ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না: বাংলাদেশ ব্যাংক
ছবির ক্যাপশান, বাংলাদেশ ব্যাংক

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির জন্য দ্রুত একটি সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

 

তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং খাতের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে তার নেতিবাচক প্রভাব পুরো ব্যাংকিং খাতে পড়তে পারে। তাই প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

 

এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।

 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে এস আলম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি থাকা উচিত নয়। একই সঙ্গে তারা ২০১৭ সালের আগে ব্যাংকটির মালিকানা ও পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের পুনর্বহালের দাবি জানান।

 

আন্দোলনকারীরা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।

 

এর আগে গত ১৬ জুন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। সেখানে দ্রুত পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং এস আলম গ্রুপের মালিকানাধীন শেয়ার আগের মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়।

 

মূলত গত ১ জুন থেকে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে সংগঠনটি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময়ে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি পালন করে।

 

পরিস্থিতির প্রেক্ষাপটে গত ১৩ জুন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংকটির সার্বিক প্রশাসনিক দায়িত্ব অস্থায়ীভাবে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের ওপর ন্যস্ত করা হয়।

 


সম্পর্কিত নিউজ