খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় জাতীয় শিক্ষাব্যবস্থায় নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। শিশুদের ক্রীড়ামুখী করে গড়ে তুলতে এবং তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, দেশের শিশুদের উন্নয়ন ও মানসম্মত শিক্ষার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের জন্য আনন্দময় ও কার্যকর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছেন। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, “শিশুদের ক্রীড়ামোদী ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমরা চাই শিক্ষার্থীরা শুধু বইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শারীরিক সক্ষমতা, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা অর্জন করুক।”

 

এহছানুল হক মিলন আরও জানান, দেশের সব শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের পুষ্টিহীনতা দূর করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে ‘মিড ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই দেশের সব স্কুলে এই কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

 

মন্ত্রী বলেন, “একজন শিক্ষার্থী যখন পুষ্টিকর খাবার পায়, তখন তার শেখার আগ্রহ ও মনোযোগ দুটোই বাড়ে। তাই শিক্ষার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়েও সরকার সমান গুরুত্ব দিচ্ছে।”

 

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজকের শিশুদের মধ্যেই নিহিত। তাদের প্রতিভা বিকাশ, শৃঙ্খলাবোধ এবং ক্রীড়াচেতনা গড়ে তুলতে জাতীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে শুরু হয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

 

বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি দলের ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন এবং বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দলের ১১ লাখ ৩ হাজার ২৯১ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে গত ২৩ মে বিভাগীয় চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়।

 

জাতীয় পর্যায়ের এই পর্বে দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল অংশ নিচ্ছে। মোট ১৬টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতার মধ্য দিয়েই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সংস্কৃতি গড়ে তুলতে এবং ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রীড়াবিদ খুঁজে বের করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত নিউজ