{{ news.section.title }}
২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু এবং হামের উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৯ হাজার ২৭৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৮ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর ফলে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৭৫ জনে।
হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ জন।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মৃত্যুর সংখ্যা। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ শিশু। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৮৩ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।