৭ জেলায় বড় আকারে ছড়িয়েছে প্রাণঘাতী হাম, উদ্বেগ বাড়ছে সারা দেশে

৭ জেলায় বড় আকারে ছড়িয়েছে প্রাণঘাতী হাম, উদ্বেগ বাড়ছে সারা দেশে
ছবির ক্যাপশান, ৭ জেলায় বড় আকারে ছড়িয়েছে প্রাণঘাতী হাম, উদ্বেগ বাড়ছে সারা দেশে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের অন্তত সাত জেলায় এই সংক্রামক রোগ বড় আকারে ছড়িয়ে পড়েছে। এবং আক্রান্তের হার তুলনামূলক ভাবে বেশি দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি এবং রোগ শনাক্তে নজরদারির দুর্বলতার কারণেই পরিস্থিতি এমন জটিল  হয়ে উঠেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে শিশুদের জন্য এ ঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন তাঁরা।

রোববার সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক হামের সংক্রমণে দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০ শিশুর মৃত্যু হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর এই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন।

চিফ হুইপ আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তাঁদের সারা দেশ ঘুরে বাস্তব অবস্থা যাচাই করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য করণীয় নির্ধারণ করতে বলা হয়েছে। একই সঙ্গে তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

চিকিৎসকদের মতে , হাম সাধারণত শিশুদের মধ্যেই বেশি ছড়ায় এবং শুরুতে জ্বরের সঙ্গে শরীরে লালচে র‍্যাশ বা দানা দেখা দেয়। পরে তা ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসকষ্টের মতো জটিলতা দেখা দিতে পারে, যা শিশুর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এ কারণে শিশুদের জ্বর, র‍্যাশ বা শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের সব সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা-দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে এবং টিকার ঘাটতি পূরণ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।


সম্পর্কিত নিউজ