জামায়াত কখনো সুষ্ঠুভাবে চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল

জামায়াত কখনো সুষ্ঠুভাবে চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল
ছবির ক্যাপশান, জামায়াত কখনো সুষ্ঠুভাবে চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামীর আমির ও তার দল কখনো সুষ্ঠুভাবে চিন্তা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার, ২৫ এপ্রিল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। মহান মে দিবস সফল করার লক্ষ্যে এ যৌথসভার আয়োজন করা হয়।

 

জামায়াত আমিরের বক্তব্য প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে, এমন বক্তব্য ভিত্তিহীন।

 

তিনি বলেন, দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা একবাক্যে স্বীকার করেছেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। জনগণের ভোটে বিএনপি ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে।

 

জামায়াতের দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টি এবং দেশে বিভেদ তৈরির চেষ্টা চলছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ নষ্ট করার অপচেষ্টাও চলছে।

 

তিনি আরও বলেন, একটি মহল ভিন্নভাবে দেশে আবারও স্বৈরাচারী শাসন ফিরিয়ে আনতে চায় কি না, সেটি নিয়ে ভাবার সময় এসেছে।

 

ছাত্ররাজনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলে সরকার বিশ্বাস করে। দেশে কোনো অপশক্তি যেন স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে। দেশের মানুষই তাদের প্রতিহত করবে।

 

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
 


সম্পর্কিত নিউজ