{{ news.section.title }}
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. জিয়া হায়দার, পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। আদেশ অবিলম্বে কার্যকর হবে। দায়িত্ব পালনের সময় তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
ড. জিয়াউদ্দিন হায়দার আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিন স্বাস্থ্য ও পুষ্টি খাতে কাজ করেছেন। তিনি এর আগে বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসি থেকে অবসরে যান।
পরবর্তীতে তিনি ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। স্বাস্থ্যনীতি, পুষ্টি উন্নয়ন ও টেকসই উন্নয়ন খাতে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৩৫টি দেশে প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে তার।
রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতেও দায়িত্ব পালন করেন।
ড. জিয়া হায়দারের জন্ম ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামে। তার বাবা মরহুম হরমুজ আলী সিনিয়র সহকারী সচিব ছিলেন। ছাত্রজীবনে তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।
শিক্ষাজীবনে তিনি ১৯৮৮ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে ফিলিপাইন ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স এবং সুইডেনের উমিয়া ইউনিভার্সিটি থেকে পুষ্টি ও মহামারিবিদ্যায় পিএইচডি ডিগ্রি লাভ করেন।
নতুন এ নিয়োগ স্বাস্থ্য খাতে সরকারের নীতিনির্ধারণ ও সংস্কার কার্যক্রমে নতুন গতি আনতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।