জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল
ছবির ক্যাপশান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, এ ঘটনা প্রমাণ করে জামায়াতে ইসলামী ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি ‘উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়।

মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল এ অভিযোগ করে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, সকালে ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর ওপর হামলা চালানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দৈনিক সকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, ‘যমুনা টেলিভিশন’-এর সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং ‘কালবেলা’র সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ একাধিক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে ছাত্রদল দাবি করে, ঘটনাস্থলে উপস্থিত আরও প্রায় ২০ থেকে ২৫ জন সংবাদকর্মীও লাঞ্ছনা ও হামলার মুখে পড়েন।

 

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো যেকোনো স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী।’

 

তারা বলেন, বিরোধী দলে থাকাকালীন সময়ে প্রকাশ্যে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

 

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ঘটনা প্রমাণ করে জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়।’

 

ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর হামলার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে যে স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী শক্তি বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না।

 

সংগঠনটি জানায়, ছাত্রদল সবসময় গণতন্ত্র, মুক্তচিন্তা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো উগ্র ও অসহিষ্ণু রাজনৈতিক প্রবণতার বিরুদ্ধে তারা সোচ্চার থাকবে বলে উল্লেখ করা হয়।

 

বিবৃতিতে ধানমন্ডি-৩২ এলাকায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

 

তবে এ ঘটনায় অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 


সম্পর্কিত নিউজ