রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য
ছবির ক্যাপশান, রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

পতিত আওয়ামী ফ্যাসিবাদের আমলে সংঘটিত গুম, খুন, গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

সোমবার (২২ জুন) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

 

সংবাদ সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টার বিরুদ্ধে তারা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন, অতীতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডগুলোর বিচার কার্যকরভাবে এগিয়ে না নেওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 

তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছি না। আমরা গুম, খুন, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার দাবি করছি। কেউ যদি নিষিদ্ধ কর্মকাণ্ড পরিচালনা করে, তবে তার দায় সরকারের। আমরা সরকারের কাছে এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”

 

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই দেশের বিভিন্ন জেলায় সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। জোটের নেতারা জানান, জাতীয় বাজেট পাস হওয়ার পরও তাদের আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৪ সালের ‘৩৬ জুলাই’কে কেন্দ্র করে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আগামী ২৫ জুন জোটের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

ড. আযাদ বলেন, ইতোমধ্যে দেশের তিনটি বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত নিউজ