খুলনার সমাবেশে যাওয়ার পথে বাগেরহাটে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

খুলনার সমাবেশে যাওয়ার পথে বাগেরহাটে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬
ছবির ক্যাপশান, খুলনার সমাবেশে যাওয়ার পথে বাগেরহাটে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

খুলনায় অনুষ্ঠিত ১১ দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ইস্রাফিল মোল্লা, জামায়াতকর্মী সাইফুল কাজী, ফেরদৌস শেখ, বাদশা চৌধুরী, সামাদ মোল্লা এবং ইজিবাইক চালক শহীদ শেখ।

 

স্থানীয় সূত্র ও আহতদের বক্তব্য অনুযায়ী, খুলনায় আয়োজিত ১১ দলীয় সমাবেশে অংশ নিতে শিবপুর এলাকা থেকে ১০টি ইজিবাইকে করে জামায়াতের নেতাকর্মীরা রওনা হন। তারা পারকুরশাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি তাদের পথরোধ করে।

 

আহত ইস্রাফিল মোল্লার দাবি, ২০ থেকে ২২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের উদ্দেশে বলে, “এই রাস্তা দিয়ে জামায়াতের কোনো সমাবেশে যাওয়া যাবে না।” এরপরই মারধর শুরু করা হয়।

 

হামলার সময় ইজিবাইকে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহত সাইফুল কাজী ও ফেরদৌস শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

খুলনার সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতা মিয়া গোলাম পরওয়ার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
 


সম্পর্কিত নিউজ