‘তারেক রহমান আইলেও কাম হইব না’ মন্তব্যের পর বহিষ্কার ছাত্রদল নেতা

‘তারেক রহমান আইলেও কাম হইব না’ মন্তব্যের পর বহিষ্কার ছাত্রদল নেতা
ছবির ক্যাপশান, ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমির

গাজীপুর মহানগর ছাত্রদলের ৫১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি রাতুল শিকদার অমিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে তাকে চাঁদা দাবি এবং হুমকি দিতে শোনা যাওয়ার পর এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর। তিনি জানান, সোমবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল শিকদারকে বহিষ্কার করা হয়েছে।

 

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে একজন ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় রাতুল শিকদারকে অর্থ দাবি করতে এবং বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়।

 

অডিওতে তিনি দাবি করেন যে সংশ্লিষ্ট ব্যক্তি পূর্বেও তাকে টাকা দিয়েছেন এবং আরও অর্থ পাঠানোর জন্য চাপ সৃষ্টি করেন। একই সঙ্গে তিনি বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করে প্রভাব খাটানোর অভিযোগও তোলেন।

 

সবচেয়ে আলোচিত অংশে তাকে বলতে শোনা যায়, ‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না।’ এছাড়া তিনি আরও দাবি করেন, তার এলাকায় অন্য কারও প্রভাব কাজ করবে না এবং সেখানে ‘প্রাইম মিনিস্টার আইলেও কাজ হবে না’।

 

ফোনালাপে ব্যবহৃত ভাষা এবং বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি দ্রুত রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়।

 

ঘটনার পর গাজীপুর মহানগর ছাত্রদল বিষয়টি পর্যালোচনা করে। দলীয় নেতারা অডিওটি শোনার পর সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

 

গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর বলেন, অডিওটি তিনি শুনেছেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাতুল শিকদার অমিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

তিনি আরও জানান, ছাত্রদল কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা শৃঙ্খলাবিরোধী আচরণকে সমর্থন করে না। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 


সম্পর্কিত নিউজ