নির্বাচিত হওয়ার ৪ মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে মাসুদ সাঈদী

নির্বাচিত হওয়ার ৪ মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে মাসুদ সাঈদী
ছবির ক্যাপশান, সংসদ সদস্য মাসুদ সাঈদী

নির্বাচিত হওয়ার মাত্র চার মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ দুই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হওয়ায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নির্বাচনের আগে থেকেই পিরোজপুরকে একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা এবং রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের দাবি তুলে আসছিলেন মাসুদ সাঈদী। বিভিন্ন জনসভা, মতবিনিময় সভা ও রাজনৈতিক কর্মসূচিতে তিনি এ বিষয়ে বক্তব্য দেন। পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তর এবং সংশ্লিষ্ট মহলেও বিষয়টি তুলে ধরেন।

 

পিরোজপুরের উন্নয়নের লক্ষ্যে তিনি সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং জেলার সম্ভাবনা ও উন্নয়ন বঞ্চনার বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের মাধ্যমে তিনি পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা এবং রেললাইন সম্প্রসারণের দাবি উত্থাপন করেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ জুন সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণার বিষয়টি উপস্থাপন ও অনুমোদন দেওয়া হয়। অন্যদিকে ১৬ জুন এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকার সঙ্গে পিরোজপুরে রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানান।

 

বিশেষজ্ঞদের মতে, পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। কৃষি, মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সামুদ্রিক সম্পদভিত্তিক শিল্প গড়ে উঠতে পারে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

স্থানীয়ভাবে উৎপাদিত পেয়ারা, আমড়া, কৃষিপণ্য ও মৎস্য সম্পদ প্রক্রিয়াজাত করে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ তৈরি হবে। একইসঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জেলার অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

রেল যোগাযোগ স্থাপিত হলে পিরোজপুরের সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ হবে। এতে পণ্য পরিবহন ব্যয় কমবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন। পর্যটন, হিমাগার ও নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনাও তৈরি হবে।

 

এ বিষয়ে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, “বিগত বছরগুলোতে পিরোজপুর নানা ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে। আমি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, পর্যায়ক্রমে তা বাস্তবায়নের চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জেলার সমস্যা ও উন্নয়ন পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেছি। তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন।”

 

তিনি আরও বলেন, “অর্থনৈতিক অঞ্চল ও রেললাইন স্থাপনের উদ্যোগ পিরোজপুরের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। পাশাপাশি জেলার সড়ক অবকাঠামো উন্নয়নেও কাজ চলছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।”

 

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ দীর্ঘদিনের অবহেলিত একটি জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এ উদ্যোগের জন্য সরকার ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

 

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম বলেন, দীর্ঘদিন ধরে জেলার মানুষের অন্যতম দাবি ছিল অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগ। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।

 


সম্পর্কিত নিউজ