{{ news.section.title }}
সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সঙ্গে জড়িত: ছাত্রশিবির সভাপতি
সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি দাবি করেছেন, মাদকবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিদের নানা ধরনের চাপের মুখে পড়তে হয় এবং সমাজকে অস্থিতিশীল রাখতে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে।
সোমবার সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সঙ্গে জড়িত। লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা তারা নিয়ন্ত্রণ করে। সমাজকে তারা স্থিতিশীল থাকতে দেয় না। মাদকের বিরুদ্ধে কথা বললেই আমরা রাজাকার হয়ে যাই।”
তিনি আরও বলেন, “সিলেটের ডিসি মাজারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার এক দিনের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।” তার দাবি, মাদকের বিরুদ্ধে কার্যকর অবস্থান গ্রহণ করলে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়।
বক্তব্যে তিনি সরকারের বাজেট ও নীতিনির্ধারণী বিষয় নিয়েও সমালোচনা করেন। নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “প্রধানমন্ত্রী ব্লেম দেয় বাজেটে মাদকের দাম বাড়ানোর কারণে নাকি জামায়াত অখুশি। একটা ভুয়া ফেক ফটোকার্ড দেখে প্রধানমন্ত্রী এমন কথা বলেন। করুণা হয়, একটা দেশের প্রধানমন্ত্রী বাজেটের নিয়ম সম্পর্কে ঠিকমতো জানেন না।”
তিনি আরও অভিযোগ করেন, “আইন-কানুন সম্পর্কে তিনি জানেন না বলে আমার ধারণা। তিনি রাষ্ট্র চালাচ্ছেন। মিথ্যা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না।”
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি নৈতিকতা, নেতৃত্বগুণ এবং শিক্ষাজীবনের গুরুত্ব নিয়েও কথা বলেন। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে নিজের দলের অবস্থান তুলে ধরেন।
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জিয়াউর রহমান ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।