{{ news.section.title }}
শিরোপা দৌড়ে আবারও আর্সেনাল-সিটি - সামনে কার প্রতিপক্ষ কে, কখন?
সর্বশেষ তিন মৌসুমের দুটিতেই শেষ মুহূর্তে এসে প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া করেছে আর্সেনাল। দুবারই তাদের স্বপ্ন ভেঙেছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমেও যেন একই ধরনের নাটকীয়তার ইঙ্গিত দেখা যাচ্ছে।
গত রাতে ম্যানচেস্টার সিটির কাছে ২–১ গোলে হারের পর শিরোপা লড়াইয়ে আর্সেনালের অবস্থান কিছুটা নড়বড়ে হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা মিকেল আরতেতার দল এখনো টেবিলের শীর্ষে থাকলেও, ব্যবধান কমে আসায় লড়াইটা আবারও উন্মুক্ত হয়ে পড়েছে।
৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে আর্সেনাল। তাদের হাতে এখনো বাকি ৫ ম্যাচ। এর মধ্যে তিনটি ঘরের মাঠে এবং দুটি প্রতিপক্ষের মাঠে খেলবে তারা। বাকি ম্যাচগুলোতে আর্সেনালের প্রতিপক্ষ নিউক্যাসল, ফুলহাম, ওয়েস্টহাম, বার্নলি ও ক্রিস্টাল প্যালেস।
কাগজে-কলমে এই সূচি আর্সেনালের জন্য কিছুটা স্বস্তির। কারণ এই পাঁচ প্রতিপক্ষই পয়েন্ট তালিকার শীর্ষ দশের বাইরে অবস্থান করছে। তাদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ফুলহাম, যারা বর্তমানে টেবিলের ১২ নম্বরে। প্রথম লেগে এই পাঁচ দলের প্রতিটির বিপক্ষেই জয় পেয়েছিল আর্সেনাল।
তবে পরিসংখ্যান যতই অনুকূলে থাকুক, শিরোপা লড়াইয়ের শেষ সময়ে চাপই সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। আগের মৌসুমগুলোর অভিজ্ঞতা আর্সেনালের জন্য যেমন সতর্কবার্তা, তেমনি মানসিক পরীক্ষাও। তাই তুলনামূলক সহজ সূচি থাকলেও কাজটি মোটেই সহজ নয়।অন্যদিকে, ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলের হাতে আর্সেনালের চেয়ে একটি ম্যাচ বেশি, অর্থাৎ বাকি ৬ ম্যাচ। এর মধ্যে তিনটি নিজেদের মাঠে এবং তিনটি প্রতিপক্ষের মাঠে খেলবে সিটি।
সিটির সামনে থাকা প্রতিপক্ষরা হলো বার্নলি, এভারটন, ব্রেন্টফোর্ড, বোর্নমাউথ, ক্রিস্টাল প্যালেস ও অ্যাস্টন ভিলা। এই ছয় দলের মধ্যে চারটি দলই পয়েন্ট তালিকার শীর্ষ দশে আছে। অ্যাস্টন ভিলা বর্তমানে ৪ নম্বরে, ব্রেন্টফোর্ড ৭ নম্বরে, বোর্নমাউথ ৮ নম্বরে এবং এভারটন ১০ নম্বরে অবস্থান করছে। শীর্ষ দশের বাইরে আছে ক্রিস্টাল প্যালেস ও বার্নলি। এই হিসাবে সিটির পথ তুলনামূলক কঠিন। প্রথম লেগে এই ছয় প্রতিপক্ষের মধ্যে শুধু অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেছিল সিটি। তবে শেষ দিকে এসে সেই ভিলাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ লিগে সিটির শেষ ম্যাচই হবে অ্যাস্টন ভিলার বিপক্ষে।
সব মিলিয়ে শিরোপা দৌড় এখন আবারও জমে উঠেছে। আর্সেনালের হাতে আছে পয়েন্টের সুবিধা, আর সিটির হাতে আছে বাড়তি একটি ম্যাচ ও অভিজ্ঞতার শক্তি। শেষ কয়েক ম্যাচে চাপ সামলানোর ক্ষমতাই ঠিক করে দিতে পারে, এবার শিরোপা যাবে এমিরেটসে, নাকি আবারও ম্যানচেস্টারে।