{{ news.section.title }}
‘মুখ ঢেকে’ কথা বললেই দেখতে হবে লাল কার্ড
ফুটবল মাঠে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন কঠোর নিয়ম আনতে যাচ্ছে ফিফা। খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ করে রেফারির সঙ্গে তর্ক-বিতর্ক ও প্রতিপক্ষের সঙ্গে গোপনে কথা বলার বিষয়ে বাড়ানো হচ্ছে বিধিনিষেধ।
মাঠে প্রায়ই দেখা যায়, খেলোয়াড়রা উত্তেজনাপূর্ণ মুহূর্তে হাত বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলেন। অনেক সময় এটি কৌশল লুকানো বা অশালীন ভাষা আড়াল করার জন্য করা হয়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমন আচরণ করলে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে।
সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, খেলার স্বচ্ছতা বজায় রাখা এবং মাঠের শৃঙ্খলা রক্ষা করতেই এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নতুন নিয়মে আরও বলা হয়েছে, রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে কোনো খেলোয়াড় যদি মাঠ ছেড়ে চলে যান, তাহলেও তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। অর্থাৎ শুধু আচরণই নয়, সিদ্ধান্ত মেনে না নেওয়ার প্রবণতাকেও কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে চায় কর্তৃপক্ষ।
আইএফএবির পক্ষ থেকে জানানো হয়েছে, শুরুতে এসব নিয়ম বিভিন্ন প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। এরপর ধাপে ধাপে আন্তর্জাতিক পর্যায়ে তা কার্যকর করা হবে। এদিকে ফিফা বিশ্বকাপ ২০২৬ আসর থেকে এই নিয়মগুলো পুরোপুরি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফিফা। ফলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলোয়াড়দের আচরণ আরও নিয়ন্ত্রিত ও পেশাদার হতে হবে।
ফুটবল বিশ্লেষকদের মতে, এসব নিয়ম চালু হলে মাঠে অশালীন ভাষা ব্যবহার, স্লেজিং ও অপ্রয়োজনীয় বিতর্ক অনেকটাই কমে আসবে। একই সঙ্গে রেফারির সিদ্ধান্তের প্রতি সম্মান বাড়বে এবং ম্যাচ পরিচালনা আরও সুশৃঙ্খল হবে।