{{ news.section.title }}
হাঁটুর ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জাভি সিমন্স
হাঁটুর গুরুতর চোটে মৌসুম শেষ হয়ে গেছে টটেনহাম হটস্পার ও নেদারল্যান্ডসের মিডফিল্ডার জাভি সিমন্সের। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপে ডাচ জার্সিতে মাঠে নামার স্বপ্নও ভেঙে গেছে ২৩ বছর বয়সি এই ফুটবলারের।
শনিবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে টটেনহামের ১-০ গোলের জয়ের ম্যাচে চোট পান সিমন্স। বলের দখল নিতে গিয়ে ডান হাঁটুতে আঘাত পান তিনি। পরে ৬৩তম মিনিটে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। পরবর্তী পরীক্ষায় তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ইনস্টাগ্রামে দেওয়া আবেগঘন বার্তায় সিমন্স জানান, তার মৌসুম হঠাৎ করেই শেষ হয়ে গেছে। বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে খেলার সুযোগ হারানোয় তিনি ‘হৃদয়ভাঙা’ অবস্থায় আছেন বলেও জানান। ২০২২ বিশ্বকাপে অভিষেকের পর এবার হতে পারত তার দ্বিতীয় বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলেছেন এই ডাচ মিডফিল্ডার।
টটেনহামের জন্যও এটি বড় ধাক্কা। দলটি প্রিমিয়ার লিগে কঠিন সময় পার করছে। উলভসের বিপক্ষে জয়টি ১৬ ম্যাচের জয়হীনতা কাটালেও স্পার্স এখনো ১৮তম স্থানে আছে এবং নিরাপদ অবস্থান থেকে দুই পয়েন্ট পিছিয়ে। হাতে আছে মাত্র চার ম্যাচ। চোটের তালিকাও বড় হচ্ছে; একই ম্যাচে ডমিনিক সোলাঙ্কেও চোট নিয়ে মাঠ ছাড়েন।