১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আভাস

১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আভাস
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

সারাদেশে চলমান বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতার মধ্যে নতুন সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্তত ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

 

বৃহস্পতিবারও থাকবে বৃষ্টির প্রবণতা

এদিকে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল এবং পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।

 

তাপমাত্রায় সামান্য পরিবর্তনের আভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সতর্ক থাকার পরামর্শ

আবহাওয়াবিদরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা জলাশয়ের কাছাকাছি অবস্থান না করাই নিরাপদ। ঝড়ো হাওয়ার সময় ছোট নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং অপ্রয়োজনীয় নৌযাত্রা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাব আরও সক্রিয় হওয়ায় আগামী কয়েকদিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সম্পর্কিত নিউজ