রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজন অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি। গতকাল রোববার রাত ১০টা পর্যন্ত প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান গ্রুপের সদস্যরাই এই হত্যাকাণ্ডে জড়িত। বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের হাতে পিস্তল এবং অপর দুইজনের কাছে শটগান ছিল।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকার ত্রাস হিসেবে পরিচিত রায়হান বাহিনীর সদস্যরা মাকসুদুল হত্যার সঙ্গে জড়িত। রায়হান রাউজানের এমপি গিয়াস কাদের চৌধুরীর অনুগত হিসেবে এলাকায় পরিচিত। পাশাপাশি রায়হান ও তার সহযোগীরা বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত বলে জানা যায়।

 

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দলনেতা নেই। তারা রাজনৈতিক ছত্রছায়ায় অপকর্ম করে থাকে। তবে রাজনীতিবিদেরও বুঝতে হবে, দাগি সন্ত্রাসীদের বুঝেশুনে কাছে টানতে হবে। আমি সন্ত্রাসীদের পক্ষে নই। আমি এসব খুনিকে ঘৃণা করি। যুবদল নেতা মাকসুদুর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

 

জানতে চাইলে রাউজানের এমপি গিয়াস কাদের চৌধুরী বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দল নেই। রাউজানে যারা চাঁদাবাজি করে, মানুষ খুন করে তাদের পুলিশ ধরছে না কেন? অপরাধী যে দলেরই হোক, তাকে গ্রেপ্তার করতে তো কোনো সমস্যা থাকার কথা নয়।’

 

গত শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় প্রকাশ্যে অস্ত্রধারীরা গুলি করে হত্যা করে।

 

সিসিটিভির ফুটেজে যা দেখা যায়

ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, চট্টগ্রামের ত্রাস হিসেবে পরিচিত বড় সাজ্জাদ বাহিনীর অনুগত রায়হান বাহিনীর সদস্যরা মাকসুদুল হক হত্যা মিশনে সরাসরি অংশ নেয়। এর মধ্যে পাঁচজন অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে। তারা হলো– রাউজানের কদলপুরের মোহাম্মদ ইলিয়াস ওরফে দামা ইলিয়াস, দিদারুল আলম ওরফে দিদার, রাউজান পৌরসভার ফরেস্ট অফিস এলাকার মোহাম্মদ ইউসুফ, রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান এলাকার মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ আবছার।

 

তথ্য অনুযায়ী, ইলিয়াস ও দিদারুল প্রথমে মাকসুদুলকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ইউসুফ, জাহেদ ও আবছার দ্রুত দৌড়ে গিয়ে তাকে লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে খুনিদের শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব নয়।’

 

খুনিদের বিরুদ্ধে যত মামলা

রাউজান থানা পুলিশ সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী রায়হানের বিরুদ্ধে রাউজান, রাঙ্গুনিয়া ও নগরীর বিভিন্ন থানায় ১২টি হত্যাসহ মোট ২৪টি মামলা রয়েছে। তার সহযোগী দামা ইলিয়াসের বিরুদ্ধে ৫টি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। ইউসুফের বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে রাউজান থানায়। এছাড়া দিদার, জাহেদ ও আবছারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

পাহাড়ে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা

রাউজানের পূর্ব সীমানাজুড়ে রয়েছে উঁচু-নিচু দুর্গম পাহাড়ি এলাকা। এসব পাহাড়ে রাউজান ও পার্বত্য অঞ্চলের সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা গড়ে উঠেছে।

 

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাউজানের পাহাড়তলী, কদলপুর, রাউজান সদর ইউনিয়ন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী যত খুন, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে, তার অধিকাংশের সঙ্গে পাহাড় থেকে আসা সন্ত্রাসীদের সম্পৃক্ততা রয়েছে। তারা মিশন শেষ করে পুনরায় পাহাড়ের গোপন আস্তানায় ফিরে যায়। শনিবার দুপুরে যুবদল নেতা মাকসুদুলকে হত্যার মিশন সম্পন্ন করা চক্রের সদস্যরাও পাহাড়ে ফিরে যায়।

 

নিহত যুবদল নেতার পরিবারের বক্তব্য

নিহতের বড় ভাই বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন সমকালকে বলেন, ‘আমাদের পরিবারের সবাই এখন শোকাহত। বলার কিছু নেই।’

 

তবে তিনি আরও বলেন, ‘আমাদের পরিবার ও আমার ভাইয়ের কোনো শত্রু নেই। কারা, কেন, কী কারণে তাকে এভাবে হত্যা করেছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে বের করবে। তবে সিসিটিভির ফুটেজে যাদের দেখা গেছে তাদের দ্রুত গ্রেপ্তার করলেই খুনের কারণ বেরিয়ে আসবে।’

 

আলোচনায় কর্ণফুলীর বালু নিয়ন্ত্রণ

মাকসুদুল হক হত্যাকাণ্ডের পেছনে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন এবং সংশ্লিষ্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাঙ্গুনিয়ার বেতাগী বাজার-সংলগ্ন চম্পাতলী ঘাট এলাকায় একটি বালুমহাল নিয়ন্ত্রণ করতেন নিহত মাকসুদুল। একই সময়ে রাঙ্গুনিয়ার সীমান্তঘেঁষা রাউজানের বাগোয়ান ইউনিয়নের খেলার ঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরবর্তী আরেকটি বালুমহালও তার নিয়ন্ত্রণে ছিল। বেতাগী ইউনিয়নের বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, খুনের তদন্তে এসব বিষয়ও খতিয়ে দেখা উচিত।

 

জানাজায় মানুষের ঢল, দৃষ্টান্তমূলক বিচার দাবি

গতকাল রোববার বেলা ৩টার দিকে নিহত যুবদল নেতা মাকসুদুল হকের লাশবাহী গাড়ি বেতাগী ইউনিয়নের চম্পাতলী ঈদগাহ মাঠে পৌঁছায়। এ সময় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দলের নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। তাকে শেষবারের মতো একনজর দেখতে বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করেন। আসরের নামাজের পর একই স্থানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

 

জানাজার আগে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মাকসুদুল হককে স্মরণ করে বিভিন্ন বক্তব্য দেন। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী বলেন, প্রকৃত খুনিদের গ্রেপ্তার করার জন্য সংসদে বক্তব্য তুলে ধরা হবে। এ সময় নেতারা বলেন, খুনের ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় অতিক্রম হলেও এখনো মামলা হয়নি। এমনকি চিহ্নিত আসামিদেরও গ্রেপ্তার করা হয়নি। এ পরিস্থিতিতে তারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

 

নিহতের বড় ভাই পেয়ারুল হক স্বপন বলেন, ‘জানাজায় মানুষের উপস্থিতিই প্রমাণ করে, এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। সে এলাকার দুঃখী ও অসহায় মানুষের বন্ধু ছিল। অথচ তার খুনের ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি। আসামি গ্রেপ্তার হয়নি। আমরা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

 

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো জহির উদ্দিন বলেন, ‘খুনের ঘটনায় মামলা হবে রাউজান থানায়। আমরা ঘটনার তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব।’

 

রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন সমকালকে বলেন, ‘অস্ত্র হাতে যে পাঁচজনকে দেখা গেছে, তারা বিদেশে পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী রায়হান বাহিনীর ক্যাডার বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিচয়ও বের করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব নয়। আমরা খুনিদের প্রেপ্তারে কাজ করছি।’


সম্পর্কিত নিউজ