রামেক হাসপাতালে বিনামূল্যে ২৮ কোটি টাকার ওষুধ সহায়তা

রামেক হাসপাতালে বিনামূল্যে ২৮ কোটি টাকার ওষুধ সহায়তা
ছবির ক্যাপশান, রামেক হাসপাতালে বিনামূল্যে ২৮ কোটি টাকার ওষুধ সহায়তা
  • Author,
  • Role, জাগরণ নিউজ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সহায়তা সংস্থা ডিরেক্ট রিলিফের কাছ থেকে প্রায় ২৮ কোটি টাকা মূল্যের বিশেষায়িত ওষুধ সহায়তা পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে প্রাপ্ত এসব ওষুধ রোগীদেরও বিনামূল্যে সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার সকালে হাসপাতালটিতে বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের ৬৯৬টি সিরিঞ্জ পৌঁছায়। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ওষুধগুলোর বাজারমূল্য প্রায় ২৮ কোটি টাকা। জটিল ও দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগে আক্রান্ত ভর্তি রোগীদের চিকিৎসায় এসব ওষুধ ব্যবহার করা হবে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এই ওষুধ পাওয়ার জন্য বিবেচিত হবেন। রোগী নির্বাচন ও ওষুধ প্রয়োগের বিষয়টি তদারকি করবেন রামেকের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ।

 

এই ওষুধ সহায়তা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ। তিনি বলেন, বিদেশ থেকে চিকিৎসা সহায়তা সংগ্রহের ক্ষেত্রে হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে বহু রোগী ব্যয়বহুল চিকিৎসাসেবা বিনামূল্যে গ্রহণের সুযোগ পাচ্ছেন।

 

ডিরেক্ট রিলিফ বিশ্বের বিভিন্ন দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা প্রদানকারী একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা। সংস্থাটি সাধারণত নগদ অর্থের পরিবর্তে সরাসরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করে থাকে, যাতে সহায়তা দ্রুত রোগীদের কাছে পৌঁছায় এবং অপচয় কমে।

 

এর আগে চলতি বছরের মার্চ মাসে একই সংস্থার কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের ওষুধ সহায়তা রামেক হাসপাতালে আসে। গত বছরের নভেম্বরে প্রায় ৩৬ কোটি টাকা এবং তারও আগে আগস্টে হৃদরোগীদের চিকিৎসার জন্য প্রায় ১৭ কোটি টাকা মূল্যের অ্যাল্টেপ্লেস ওষুধ সংগ্রহ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এসব ওষুধও রোগীদের বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

 

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, উচ্চমূল্যের বায়োলজিক ওষুধের এই সহায়তা দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক হবে।


সম্পর্কিত নিউজ