{{ news.section.title }}
কুষ্টিয়া সীমান্তে চার দিন পর পিছু হটল বিএসএফ, সঙ্গে নিয়ে গেল পুশইনের চেষ্টা করা ১২ জনকে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে পুশইনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে চার দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা নারী-শিশুসহ ১২ জনকে নিয়ে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর শক্ত অবস্থানের মুখে বিএসএফ তাদের ভারতীয় সীমান্তের ভেতরে সরিয়ে নেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (১৫ জুন) সকালে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার ভোরে বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে প্রাগপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এরপর থেকে ওই ১২ জন ভারতীয় ভূখণ্ডের ভেতরে কাঁটাতারের নিকটবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও ছিল বলে জানা গেছে।
ঘটনার পর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি আনুষ্ঠানিকভাবে অবৈধ পুশইনের ঘটনায় প্রতিবাদ জানায় এবং শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
জবাবে বিএসএফ জানায়, ওই ১২ জনের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই শেষে তারা সিদ্ধান্ত নেবে। ততদিন পর্যন্ত তাদের সীমান্ত এলাকায় অবস্থান করতে হবে বলে জানানো হয়।
তবে সোমবার সকালে পরিস্থিতি নতুন মোড় নেয়। স্থানীয় সূত্রগুলো জানায়, বিএসএফ সদস্যরা কিছু ভারতীয় সীমান্তবাসীকে সঙ্গে নিয়ে আবারও শূন্যরেখার দিকে আসে। এতে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করেন। একই সঙ্গে স্থানীয় গ্রামবাসীরাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন।
একপর্যায়ে বিজিবি ও স্থানীয় জনগণের দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ পিছু হটে এবং সঙ্গে করে ওই ১২ জনকে ভারতীয় সীমান্তের কাঁটাতারের ভেতরে নিয়ে যায় বলে জানা গেছে।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, সকালে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে বিএসএফ তাদের সঙ্গে থাকা ১২ জনকে নিয়ে ভারতীয় সীমান্তের ভেতরে ফিরে যায়।
তিনি জানান, বর্তমানে ওই ব্যক্তিরা ভারতীয় সীমান্তের কাঁটাতারের ভেতরে অবস্থান করছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।