খালেদা জিয়াকে ষাঁড় উপহার দিয়ে আলোচনায় আসা সোহাগ মৃধা কারাগারে

খালেদা জিয়াকে ষাঁড় উপহার দিয়ে আলোচনায় আসা সোহাগ মৃধা কারাগারে
ছবির ক্যাপশান, খালেদা জিয়াকে ষাঁড় উপহার দিয়ে আলোচনায় আসা সোহাগ মৃধা কারাগারে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি ষাঁড় উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার খামারি সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারির মামলা এবং একটি পর্নোগ্রাফি আইনের মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, মারামারির মামলায় সোহাগ মৃধা এক নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া পর্নোগ্রাফি আইনের মামলায় তিনি সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত রয়েছেন।

 

গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে।

 

ওসি তৌহিদুজ্জামান বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

 

সোহাগ মৃধা মূলত একজন খামারি হিসেবে পরিচিত। তবে গত বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি বড় আকৃতির ষাঁড় উপহার দিয়ে জাতীয়ভাবে আলোচনায় আসেন।

 

গরুটি উপহার দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। পরে সোহাগ মৃধার পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে গরুটি তাকে ফেরত দেওয়া হয়।

 

এই ঘটনাটি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সোহাগ মৃধা দেশের বিভিন্ন স্থানে পরিচিত মুখে পরিণত হন।

 

সম্প্রতি কোরবানির ঈদকে সামনে রেখে সেই আলোচিত ‘কালো মানিক’ বিক্রি করেন তিনি। গরুটি বিক্রির খবরও স্থানীয় ও জাতীয় পর্যায়ে নতুন করে আলোচনায় আসে।

 

পুলিশ বলছে, গ্রেপ্তারের সঙ্গে তার পূর্বের আলোচিত কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। দায়ের হওয়া মামলার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


সম্পর্কিত নিউজ