{{ news.section.title }}
প্রাগপুর সীমান্তে পতাকা বৈঠকেও সমাধান হয়নি, দুই দিন ধরে শূন্যরেখায় ১২ জন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে ১২ জনকে পুশইনের ঘটনাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। ফলে নারী ও শিশুসহ ১২ জন এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় দৌলতপুর উপজেলার বিলগাথুয়া ১৫০/৩-এস সাব পিলার সংলগ্ন এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। অপরদিকে বিএসএফের পক্ষে রাণীনগর ক্যাম্পের এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বিজিবি সূত্রের দাবি, বৈঠকে বিএসএফ বাংলাদেশের ভূখণ্ডে ১২ জনকে পুশইনের অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের নিজেদের হেফাজতে ফিরিয়ে নিতেও অস্বীকৃতি জানিয়েছে।
সূত্রটি জানায়, বিজিবি এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এবং বিষয়টিকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হিসেবে উল্লেখ করেছে। তবে বিএসএফ ঘটনাটি তদন্ত করে পরে সিদ্ধান্ত জানাবে বলে সময় চেয়েছে। ফলে আপাতত কোনো সমাধান না হওয়ায় ১২ জনকে সীমান্ত এলাকায় অবস্থান করতে হচ্ছে।
বর্তমানে শূন্যরেখায় অবস্থানরতদের মধ্যে রয়েছেন চারজন নারী, চারজন পুরুষ এবং চারজন শিশু। তারা ১৪৮/৩-এস সীমান্ত পিলারের কাছে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র বলছে, দুই দিন ধরে পাটক্ষেতের মধ্যে অবস্থান করায় তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অভাবে তাদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বিএসএফের মাধ্যমে পুশইনের ঘটনা ঘটেছে বলে বিজিবির অবস্থান স্পষ্ট। তিনি বলেন, এটি অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশ এ ধরনের কার্যক্রমকে কোনোভাবেই সমর্থন করে না।
তার ভাষ্য অনুযায়ী, যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে বলে দাবি করা হচ্ছে, তাদেরকে বিএসএফেরই নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। এ বিষয়ে বিজিবি তাদের অবস্থানে অনড় রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার বিলগাথুয়া সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদেরকে পুনরায় সীমান্তের দিকে ফেরত পাঠায়।
এরপর থেকেই তারা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিজিবির নিয়মিত টহল অব্যাহত রয়েছে।