{{ news.section.title }}
কিস্তির টাকা দিতে না পারায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ এনজিও কর্মীদের বিরুদ্ধে
পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে একটি বেসরকারি এনজিও সংস্থার কর্মীদের বিরুদ্ধে। আহত ওই নারীর নাম খাইরুন বেগম (৩৫)। তিনি বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার, ২৫ এপ্রিল দুপুরে ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী খাইরুন বেগম জানান, গত বছরের ডিসেম্বরে কোডেক নামের একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে তার স্বামী নজির মোল্লা কুয়েতে যান। তবে বিদেশে যুদ্ধ পরিস্থিতি ও নানা সংকটের কারণে স্বামী নিয়মিত টাকা পাঠাতে না পারায় কিস্তির টাকা পরিশোধ করা সম্ভব হয়নি।
তার অভিযোগ, শনিবার দুপুরে কিস্তির টাকা আদায়ের জন্য ধানখালী শাখার ম্যানেজার মনিরসহ দুই নারী কর্মী বাড়িতে যান। ঘরে টাকা না থাকায় কিস্তি দিতে না পারলে তারা চুল ধরে টানাহেঁচড়া, কিল-ঘুষি এবং তলপেটে লাথি মারেন।
এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য মালা বেগম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তঃসত্ত্বা একজন নারীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ববি মালকার জানান, গৃহবধূর তলপেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আলট্রাসনোগ্রামে ভ্রূণ সুস্থ আছে। তবে ঝুঁকি এড়াতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অভিযোগের বিষয়ে কোডেকের ধানখালী শাখার ম্যানেজার মনির বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।