বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ছবির ক্যাপশান, বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক অগ্রগতি এবং ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। একই সঙ্গে এলএনজি রপ্তানি কেন্দ্রগুলোতে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গ্যাসের দামেও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ইতিবাচক দিকে এগোনোর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামে চাপ সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৭ ডলার ৬৩ সেন্টে নেমে আসে। মাসিক হিসাবে এই জ্বালানি তেলের দাম প্রায় ১৯ দশমিক ৭৭ শতাংশ কমেছে।

 

অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। সপ্তাহের ব্যবধানে ডব্লিউটিআই তেলের দাম ৩ দশমিক ১৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৩ ডলার ৭৫ সেন্টে দাঁড়িয়েছে। মাসিক হিসাবে এ তেলের মূল্য কমেছে ২১ দশমিক ৫৩ শতাংশ।

 

আরও পড়ুন: বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

 

তবে জ্বালানি তেলের দাম কমলেও গ্যাসোলিনের বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে গ্যাসোলিনের দাম ৩ দশমিক ৪৪ শতাংশ বেড়ে গ্যালনপ্রতি ২ ডলার ৯৭ সেন্টে পৌঁছেছে। যদিও মাসিক হিসাবে গ্যাসোলিনের দাম ৫ দশমিক ৩১ শতাংশ কম রয়েছে।

 

এদিকে প্রাকৃতিক গ্যাসের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। এলএনজি রপ্তানি কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাওয়ায় প্রাকৃতিক গ্যাসের দাম সামান্য কমেছে। সপ্তাহের ব্যবধানে গ্যাসের দাম দশমিক ১৯ শতাংশ কমে প্রতি এমএমবিটিইউ ৩ ডলার ২৩ সেন্টে নেমে এসেছে।

 

তবে মাসিক হিসাবে প্রাকৃতিক গ্যাসের দাম এখনও ঊর্ধ্বমুখী রয়েছে। গত এক মাসে এ জ্বালানির দাম প্রায় ৭ দশমিক ৪০ শতাংশ বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি চাহিদা ও মৌসুমি প্রভাবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
 


সম্পর্কিত নিউজ