‎জবিতে ছাত্রদলের মানববন্ধনে শিবিরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলনে ভিত্তিহীন দাবি শিবিরের

‎জবিতে ছাত্রদলের মানববন্ধনে শিবিরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলনে ভিত্তিহীন দাবি শিবিরের
ছবির ক্যাপশান, বামে জবি ছাত্রদল, ডানে জবি শিবির | জেএন সম্পাদিত
  • Author, মাহমুদুল হাসান মামুন, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থীকে ঘিরে প্রতারণা ও যৌন হয়রানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস রাজনীতি। একই ঘটনাকে কেন্দ্র করে পৃথক কর্মসূচি থেকে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ–পাল্টা অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবির।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা নাজমুস সাকিব নামক এক শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা ও সম্পর্ক গড়ে তোলার অভিযোগ এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে ছাত্রশিবিরের নেতা দাবি করে সংগঠনটির গুপ্ত রাজনীতির সমালোচনা করেন তারা।

‎মানববন্ধনে বক্তারা বলেন, শিবির তাদের কর্মীদের পরিচয় গোপন রেখে সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে ক্যাম্পাসে সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। তারা অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষার্থী একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পরে তা ভেঙে দিয়েছেন এবং অন্তত তিনজন শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছেন।

জবি শাখা ‎ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, “প্রথমে ওই শিক্ষার্থীকে শিবিরের কর্মী হিসেবে অস্বীকার করা হলেও পরে জানা যায়, তিনি সংগঠনটির পদধারী নেতা ছিলেন। অভিযোগ ওঠার পর তিনি তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেন।যা বিষয়টিকে আরও সন্দেহজনক করে তোলে।” তিনি আরও বলেন, “শিবিরের বর্তমান নেতৃত্ব তাকে অস্বীকার করছে যা তাদের গুপ্ত রাজনীতির বহিঃপ্রকাশ।” 

‎এ সময় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আজ যারা শিবির পরিচয়ে ঘুরছে তারা আসলে আগে অন্য সংগঠনের সঙ্গে জড়িত ছিল। তারা হল বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মে জড়িত।” তিনি এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে, একই দিন দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সেখানে সংগঠনটির নেতারা ছাত্রদলের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন।

‎সংবাদ সম্মেলনে জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল একটি সাধারণ শিক্ষার্থীকে শিবির নেতা সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলনের ডাক দিয়েছে।” তিনি বলেন, “কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে জড়িত থাকলে দেশের প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তার বিচার হওয়া উচিত। এ ক্ষেত্রে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।”

‎আব্দুল আলিম আরিফ আরও বলেন, “একটি বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আড়াল করার অপচেষ্টা চলছে, যা নিন্দনীয়।” তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করার পক্ষে অবস্থান জানান।


সম্পর্কিত নিউজ