কার্টুন শেয়ারকে কেন্দ্র করে গ্রেফতার: হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

কার্টুন শেয়ারকে কেন্দ্র করে গ্রেফতার: হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুন শেয়ার করার অভিযোগে গ্রেফতার হওয়া এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। শুধুমাত্র একটি কার্টুন শেয়ার করার কারণে কাউকে গ্রেফতার করা অন্যায়, উদ্বেগজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা অবিলম্বে হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 

কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতি। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশে এক ধরনের ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকটসহ জনদুর্ভোগের বিষয়গুলো উপেক্ষা করে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, অতীতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন মাধ্যমে বিরোধী মত দমন করা হয়েছে, বর্তমানে একই ধারার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক কনটেন্ট শেয়ার করার কারণে গ্রেফতার করা হলে তা বাকস্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

 

সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, গত ১৭ এপ্রিল নিজ বাসা থেকে কার্টুন শেয়ারের অভিযোগে হাসান নাসিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পাঁচ দিন পার হলেও তাকে এখনো মুক্তি দেওয়া হয়নি, যা উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, অতীতের মতোই আবারও বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, সংবিধানে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বাস্তবে তা লঙ্ঘিত হচ্ছে। কাউকে গ্রেফতারের ক্ষেত্রে আইন অনুযায়ী পরিবারের সদস্যদের অবহিত করার বিধান থাকলেও এই ক্ষেত্রেও তা মানা হয়নি বলে দাবি করেন তিনি।

 

বক্তারা আরও অভিযোগ করেন, হাসান নাসিমের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা মামলা সাজানোর চেষ্টা করা হচ্ছে। তারা দ্রুত এসব মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবি জানান। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসান নাসিমকে মুক্তি দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আয়োজকরা। এসময় জাবি ছাত্রশক্তির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ