কামালউদ্দিন হলে শিক্ষার্থীদের মানববন্ধন: ধর্ষণচেষ্টার বিচার ও প্রক্টরকে লক্ষ্য করে অসৌজন্যের প্রতিবাদ

কামালউদ্দিন হলে শিক্ষার্থীদের মানববন্ধন: ধর্ষণচেষ্টার বিচার ও প্রক্টরকে লক্ষ্য করে অসৌজন্যের প্রতিবাদ
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ. কে. এম রাশিদুল আলমকে লক্ষ্য করে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের প্রধান ফটকের সামনে হল সংসদ ও আবাসিক শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

সমাবেশে তুলনামূলক সাহিত্য বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী বোরহান বলেন, ক্যাম্পাসে কিছু কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে, যা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী। তার মতে, শুরুতে আন্দোলনে ব্যাপক অংশগ্রহণ থাকলেও পরবর্তীতে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠায় অনেক শিক্ষার্থী সরে যান। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রধান দাবি হওয়া উচিত অপরাধীর দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা। একই সঙ্গে তিনি আন্দোলনের নামে ট্যাগিং, ব্যক্তিগত আক্রমণ এবং বিভিন্ন পক্ষকে অপমান করার প্রবণতার সমালোচনা করেন। বোরহান আরও বলেন, যৌক্তিক দাবির ক্ষেত্রে শিক্ষার্থীরা এক থাকে, তবে অযৌক্তিকভাবে ক্যাম্পাস অস্থিতিশীল করার কোনো প্রচেষ্টাকে তারা সমর্থন করেন না।

 

সমাবেশে হল সংসদের জেনারেল সেক্রেটারি (জিএস) আবরার শাহরিয়ার বলেন, ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, চলমান আন্দোলনকে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ. কে. এম রাশিদুল আলমকে লক্ষ্য করে অসৌজন্যমূলক আচরণ এবং প্রশাসনিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনা নিন্দনীয়। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি জানান তিনি।

 

এ সময় হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ