জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাবিতে ‘কোকো চার্জিং স্টেশন’ চালু

জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাবিতে ‘কোকো চার্জিং স্টেশন’ চালু
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের মোবাইল চার্জিং-সংক্রান্ত দুর্ভোগ লাঘবে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ‘কোকো চার্জিং স্টেশন’ চালু করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চার্জিং স্টেশনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

 

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমান সময়ে একাডেমিক কার্যক্রম, অ্যাসাইনমেন্ট ও অনলাইন ক্লাস অনেকটাই মোবাইলনির্ভর। তাই শিক্ষার্থীদের জন্য মোবাইল চার্জিং স্টেশন একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে চার্জের অভাবে যাতে তাদের পড়াশোনা ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা যাবে। ২৪ ঘণ্টা এ সুবিধা চালু থাকায় শিক্ষার্থীরা যেকোনো সময় এটি ব্যবহার করতে পারবেন।”

 

চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোক্তা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সাকিল সরদার বলেন, বর্তমান সময়ে স্মার্টফোন শিক্ষার্থীদের শিক্ষা, যোগাযোগ ও জরুরি প্রয়োজনে অপরিহার্য। দীর্ঘ সময় ক্যাম্পাসে অবস্থানের কারণে অনেক শিক্ষার্থীর ফোনের চার্জ শেষ হয়ে যায়, ফলে তারা একাডেমিক ও ব্যক্তিগত নানা সমস্যার সম্মুখীন হন। সেই বাস্তবতা বিবেচনায় সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে ‘কোকো চার্জিং স্টেশন’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে বাস ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার চার্জিং স্টেশন চালু করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই মোবাইল চার্জ দিয়ে নির্বিঘ্নে তাদের একাডেমিক ও ব্যক্তিগত কার্যক্রম পরিচালনা করতে পারেন।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা উদ্যোগটির প্রশংসা করেন এবং একে শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), বিভিন্ন অনুষদের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ