ইবি শিক্ষিকা হত্যাকান্ডের অধিকতর তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

ইবি শিক্ষিকা হত্যাকান্ডের অধিকতর তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের অধিকতর তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কমিটিকে উপাচার্যের নিকট দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে।

 

গঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে আহ্বায়ক এবং একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মাছুদুল হক তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (পি আর এল) ড. আশরাফুর রহমান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

 

উচ্চতর তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “আমি এখনো চিঠি পাই নাই। এই হত্যাকান্ডের সাধারণ ঘটনাবলী আমরা সবাই কম বেশি জানি। তবে, ঘটনার অভ্যন্তরীণ ও পারিপার্শ্বিক সামগ্রিক বিষয়াদি জানা নেই। চিঠি পাইলে আমরা মিটিং করে কাজ শুরু করবো।”

 

প্রসঙ্গত, গত ৪ মার্চ বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে ঐ শিক্ষিকার নিজ কক্ষে কর্মচারী কর্তৃক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ৭ মার্চ এঘটনা তদন্তে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্য-সচিব করে একটি কমিটি গঠন করা হয়। সর্বশেষ সিন্ডিকেটে কমিটির রিপোর্ট উত্থাপিত হয়। পর্যালোচনা শেষে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে প্রশাসন।


সম্পর্কিত নিউজ