{{ news.section.title }}
ইবি তারুণ্য'র সভাপতি ইমন , সম্পাদক আইরিন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন 'তারুণ্য'-এর '১৭তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনা-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমন হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা আইরিন মণি নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সদস্যদের প্রত্যক্ষ ভোটগ্রহণ শেষে আগামী এক বছরের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিদায়ী সহ-সভাপতি আল হুদার সভাপতিত্বে এবং অগ্রপথিক তাবাসসুম মোহসীনা ও নবীন পথিক অমিত হাসান অভীকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম. নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে সংগঠনের সাবেক নেতৃবৃন্দ, সুবাসিত সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা ৩০ জন 'সুবাসিত সদস্য'কে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।
নির্বাচনে সংগঠনের ১৪তম সাধারণ সম্পাদক রিফাত মাশরাফী প্রত্যয় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর তত্ত্বাবধানে ৩ সদস্যের নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
বিদায়ী সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল বলেন, "'অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য'-এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০৯ সালের ২৯ জুলাই থেকে আমাদের প্রিয় সংগঠন তারুণ্যের পথচলা শুরু। নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিতে পেরে আমরা আনন্দিত। রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, লাইব্রেরি কার্যক্রম, ত্রাণ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ও তরুণদের নেতৃত্ব বিকাশে তারুণ্য যেভাবে কাজ করছে, আগামী দিনেও সেই ধারা অব্যাহত থাকবে। নতুন কমিটি সংগঠনটিকে আরও মানবিক ও সুদূরপ্রসারী করবে বলে আমরা আশা করি।"
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারহানা আইরিন মণি বলেন, "তারুণ্যের সঙ্গে আমার পথচলা দীর্ঘদিনের। শুরু থেকেই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল। কিন্তু একার পক্ষে এমন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব নয়। তারুণ্য আমাকে সেই সুযোগ ও একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দিয়েছে। সংগঠনের সদস্যদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আন্তরিকভাবে কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।"
নবনির্বাচিত সভাপতি মো. ইমন হোসেন বলেন, "সংগঠনের সদস্যরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া নিয়ে তারুণ্যের মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে চাই। সবাই দোয়া করবেন, যেন আমরা সম্মিলিতভাবে তারুণ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।"
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালনায় গড়ে ওঠা 'তারুণ্য' একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে দেড় দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, রক্তদান, বইপাঠ, বৃক্ষরোপণ, ত্রাণ বিতরণ, সাংস্কৃতিক চর্চা, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।