{{ news.section.title }}
জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করল তরী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে সহযোগিতা করেছে শিশুদের হাসি ফাউন্ডেশন, পঞ্চগড়।
সোমবার (২৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন তরীর সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেজানসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
তরীর সভাপতি জহিরুল ইসলাম বলেন, “শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ গড়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা বিশ্বাস করি, একটি ছোট সহায়তাও একটি শিশুর স্বপ্ন পূরণের পথে বড় অনুপ্রেরণা হতে পারে। শিশুদের হাসি ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। তরী বরাবরই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে কাজ করে যাচ্ছে।”
সংগঠনের সাধারণ সম্পাদক সেজান বলেন, “আজ শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা চাই, কোনো শিশু যেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে না পড়ে।”
স্কুল ব্যাগ পেয়ে শিশুদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এ সময় স্বেচ্ছাসেবীরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত তরী দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।