শ্বশুরবাড়িতে মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ, জাবি কর্মচারী হাসপাতালে

শ্বশুরবাড়িতে মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ, জাবি কর্মচারী হাসপাতালে
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ল্যাব অ্যাটেনডেন্ট সজিব প্রামানিককে শ্বশুরবাড়িতে মারধরের পর পাঁচতলা ভবন থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি গত ১৯ জুন দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর উত্তরার একটি বাসায় ঘটে। এ ঘটনায় গত ২৫ জুন রাতে সজিবের বাবা মো. মুন্নাফ প্রামানিক উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সজিব প্রামানিকের সঙ্গে শাহজাদি আক্তারের বিয়ে হয়। গত ১৮ জুন স্ত্রীকে নিয়ে আসার উদ্দেশ্যে তিনি শ্বশুরবাড়িতে যান। এ সময় স্বর্ণ কেনার জন্য সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা তিনি তার শ্যালক শাহাদত হোসেনের কাছে রাখেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এজাহার অনুযায়ী, ১৯ জুন গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে স্ত্রী তার দুই ভাই শাহাদত হোসেন ও শামছুদ্দিন শাওনকে ডাকেন। পরে তারা সজিবকে মারধর করে ভবনের পঞ্চম তলা থেকে নিচে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার দুই হাত, দুই পা, বুক ও কোমরের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

 

সজিবের পরিবারের দাবি, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছিল। এজাহারে আরও উল্লেখ করা হয়, শ্যালকের কাছে রাখা পাঁচ লাখ টাকা বারবার ফেরত চাইলেও তা দেওয়া হয়নি।

 

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সম্পর্কিত নিউজ