{{ news.section.title }}
জাবির মীর মশাররফ হোসেন হলে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রদলের আয়োজনে ৫৫তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) রাতে হলের কমনরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি স্মারক উপহার হিসেবে তাদের হাতে চাবির রিং তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে নবীনদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল শাখা ছাত্রদলের সভাপতি শেখ সাদী। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ।
সভাপতির বক্তব্যে শেখ সাদী বলেন, “ছাত্রদল একটি শিক্ষাবান্ধব ও মানবিক ক্যাম্পাস গঠনে কাজ করছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ নিশ্চিত হোক যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে শিক্ষা, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশের সুযোগ পাবে। নবীনদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন দেশ ও জাতির প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলে।”
প্রধান অতিথির বক্তব্যে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং নিজেকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্র। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে হলের সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, “নবীন শিক্ষার্থীদের উচিত বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলা এবং ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের ওয়ার্ডেন অধ্যাপক ড. মুজিবুর রহমান। এছাড়া জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু হাসান রাজন, আব্দুল গাফফার জিসান, সায়দার রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।